আন্তর্জাতিক ডেস্ক | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ছয় দফায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, এসব হামলায় গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, রাস তানুরা তেল শোধনাগার, আবকাইক এলাকায় সৌদি আরামকোর একটি স্থাপনা এবং রাবিগ তেল শোধনাগার। এ ছাড়া নজরান অঞ্চলে সৌদি সামরিক সদর দপ্তরেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি।
হুথিদের এই ঘোষণার মধ্যেই সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ অভিমুখে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন সৌদি নাগরিক আহত হয়েছেন। এতে একটি বাড়ি ও একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগের মধ্যেই নতুন করে হামলার দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তবে হুথিদের ছয় দফা হামলার দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
Posted ৬:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
9 News Bd | s s