নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
ঢাকার দক্ষিণ গুলশানে কূটনীতিকদের শুল্কমুক্ত অ্যালকোহল সরবরাহকারী প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর অনুমোদিত গুদামের বাইরে আরও দুটি অননুমোদিত গুদামে মদসহ বিভিন্ন পণ্য মজুতের সন্ধান পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় প্রতিষ্ঠানটির চারটি গুদামই সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক নুর ইসলাম আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরের শ্বশুর।
শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগে কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটির কার্যক্রম অনুসন্ধান করছিলেন গোয়েন্দারা। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এনবিআর জানায়, টস বন্ড প্রাইভেট লিমিটেডের অনুমোদিত বা ঘোষিত গুদাম রয়েছে দুটি। তবে সরেজমিন পরিদর্শনে প্রতিষ্ঠানটির মোট চারটি গুদামে পণ্য মজুতের তথ্য পাওয়া যায়। অর্থাৎ, অনুমোদনের বাইরে আরও দুটি গুদামে পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।
অননুমোদিত গুদামগুলোতে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য, বিশেষ করে মদসহ অন্যান্য পণ্য স্থানান্তর বা সরিয়ে ফেলার আশঙ্কা থাকায় অধিকতর যাচাইয়ের স্বার্থে চারটি গুদামই সিলগালা করা হয়েছে।
সিআইআইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত যৌথ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকারী সংস্থাগুলো জানিয়েছে, প্রতিষ্ঠানের নথিপত্র ও মজুত করা পণ্যের বিষয়ে তদন্ত এবং বিস্তারিত যাচাই চলছে। যাচাই শেষে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে জানানো হবে।
কয়েক মাস ধরে অনুসন্ধান
গোয়েন্দা কর্মকর্তারা জানান, ‘টস বন্ড’ একটি কূটনৈতিক গুদাম, যেখান থেকে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত অ্যালকোহল সরবরাহ করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ আসার পর কয়েক মাস ধরে অনুসন্ধান চালানো হচ্ছিল।
এদিকে সম্প্রতি ঢাকার মিরপুরে ইসিবি নিউ গিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় নিজের স্টুডিওতে হামলার ঘটনায় ফেসবুকে ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির। এর পর গত ৩০ সেপ্টেম্বর তাঁর ব্যাংক হিসাব ও লেনদেনের বিবরণ চায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
তবে সালমান মুক্তাদিরের সাম্প্রতিক ঘটনার সঙ্গে গুদাম সিলগালার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, নুর ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। প্রতিষ্ঠানের নথিপত্র বিশ্লেষণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
Posted ৬:২৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
9 News Bd | s s