নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | প্রিন্ট
প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে এই ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। হাইকমিশনার জানান, দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও স্বাভাবিক ও গতিশীল করার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রগুলো একযোগে আবেদন গ্রহণ শুরু করবে।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর থেকেই ভিসা ইস্যুটি তাঁর নজরে আসে। সীমান্তপথে বাংলাদেশে প্রবেশের সময়ও তিনি এ বিষয়ে মানুষের আগ্রহ ও প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন। তাই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে পর্যটন ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশে ভারতের ভিসা কার্যক্রম কার্যত স্থগিত হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে পর্যটন ভিসা প্রদান বন্ধ ছিল। প্রায় দুই বছর পর ভারত সরকার আবারও বাংলাদেশিদের জন্য এই সুবিধা চালু করার উদ্যোগ নিল।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। সম্প্রতি তাঁকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো সক্রিয় রাজনীতিবিদকে ভারত বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠিয়েছে। তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পর্যটন ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারতের মধ্যকার জনগণের পারস্পরিক যোগাযোগ, পর্যটন এবং বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
Posted ১১:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
9 News Bd | s s