নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৬ জুন ২০২৬ | প্রিন্ট
শিশুদের সৃজনশীলতা, অভিনয় দক্ষতা এবং সামাজিক মূল্যবোধ বিকাশের অনন্য এক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো অভিনয়ে হাতেখড়ি- ষষ্ঠ আবর্তনের সমাপনী প্রযোজনা। এ উপলক্ষে ০৬ জুন (শনিবার) সকাল ১১ টায় বেইলি রোড বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হয় শিশুতোষ নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’।
বিদেশি শিশু সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটির রূপান্তর করেছেন শাম্মি আক্তার এবং ভাবনা ও প্রয়োগে ছিলেন হুমায়ূন আজম রেওয়াজ। নাটকটিতে অংশ নেয় একদল শিশু শিল্পী, যারা প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।

নাটকের কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি পাহাড়ি গ্রামের পরিবার। দাদির জন্মদিন উপলক্ষে দুই নাতি ক্যাসপার্ল ও সেপেল তাকে উপহার দেয় একটি জাদুকরী গান গাওয়া ‘কফি-কল’। কিন্তু কুখ্যাত ডাকাত হালুম সেটি চুরি করে নিয়ে যায়। এরপর শুরু হয় রোমাঞ্চকর অভিযাত্রা।
চুরি যাওয়া জাদুকরী উপহার উদ্ধারের পথে নানা বাধা-বিপত্তির মুখোমুখি হয় শিশুরা। একপর্যায়ে ক্যাসপার্ল এক অভিশপ্ত ব্যাঙকে মুক্ত করে, যে আসলে ছিল এক সুন্দরী পরী। পরী ও তার পোকামাকড় বাহিনীর সহায়তায় শিশুদের দল, পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য চরিত্র একত্রিত হয়ে ডাকাত হালুম ও তার সহযোগীদের পরাস্ত করে।
নাটকের চূড়ান্ত পর্বে উদ্ধার হয় চুরি যাওয়া ‘কফি-কল’। আনন্দঘন পরিবেশে সবাই দাদির বাড়িতে ফিরে আসে। তবে নাটকটি শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। গল্পের শেষাংশে পরিবেশ সংরক্ষণ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের অঙ্গীকারের মাধ্যমে শিশুদের কাছে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে।

নাটকজুড়ে সততা, সাহস, বন্ধুত্ব, সহযোগিতা ও ঐক্যবদ্ধতার শক্তিকে তুলে ধরা হয়েছে। শিশু শিল্পীদের স্বতঃস্ফূর্ত অভিনয়, রঙিন চরিত্র এবং কল্পনাময় গল্প দর্শকদের জন্য তৈরি করে এক আনন্দমুখর অভিজ্ঞতা।
আয়োজকদের মতে, এ ধরনের নাট্যচর্চা শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাপনী প্রযোজনাটি সেই লক্ষ্য পূরণে সফল হয়েছে বলেই মনে করছেন উপস্থিত অভিভাবক ও দর্শকরা।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন এভারেস্টজয়ী পর্বতারোহী নুরুননাহার নিম্মি। সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে তিনি দেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছেন। তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পৌঁছে ইতিহাস গড়া এই পর্বতারোহী শিশুদের নাট্যআয়োজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ৮:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ জুন ২০২৬
9 News Bd | s s