রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তিন দিনে ৪৩ কোটি টাকার ব্যবসা, শেষ হলো পর্যটন মেলা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট

তিন দিনে ৪৩ কোটি টাকার ব্যবসা, শেষ হলো পর্যটন মেলা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও টেকসই পর্যটন ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। এবারের মেলায় প্রায় ৪৩ কোটি টাকার ব্যবসা ও বাণিজ্যিক লেনদেন হয়েছে। পাশাপাশি মেলা পরিদর্শন করেছেন ৪৫ হাজারের বেশি দর্শনার্থী।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪তম এই মেলার পর্দা নামে। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনবল তৈরি জরুরি। পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে ডিজিটাল তথ্যসেবা এবং স্মার্ট মনিটরিং ব্যবস্থা চালুর ওপরও গুরুত্ব দেন তিনি।

মেলার আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এআই ফর সাসটেইনেবল ট্যুরিজম অপারেশন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, পর্যটকদের বুকিং, ভ্রমণসূচি তৈরি, মূল্য নির্ধারণ, আতিথেয়তা সেবা এবং ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি পর্যটনকেন্দ্রে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ, বিমান চলাচলে জ্বালানি সাশ্রয় এবং পরিবেশগত প্রভাব কমাতেও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন তাঁরা।

সেমিনারে বক্তারা আরও বলেন, পর্যটন খাতে এআইয়ের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে নির্ভরযোগ্য তথ্য, দক্ষ জনবল, উন্নত অবকাঠামো এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব প্রয়োজন। তবে প্রযুক্তির পাশাপাশি পর্যটনের মানবিক অভিজ্ঞতা, আন্তরিকতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য অক্ষুণ্ণ রাখতে হবে।

এবারের মেলায় নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, তুরস্ক, চীন, থাইল্যান্ড, সৌদি আরবসহ ২০টি দেশের পর্যটন সংস্থা ও প্রতিনিধিরা অংশ নেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের টিকিট বিক্রিতে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে।

‘এআই পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় বাংলাদেশের পর্যটন সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি দেশি-বিদেশি উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০১ পূর্বাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com