নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৮ জুন ২০২৬ | প্রিন্ট
দেশের পর্যটন শিল্পকে আরও গতিশীল ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক করে তোলার প্রত্যয় নিয়ে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার (২৮ জুন) রাজধানীর টোয়াব কার্যালয়ে আয়োজিত দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ (হ্যান্ডওভার-টেকওভার) অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মো. রাফেউজ্জামান নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় টোয়াবের সাবেক ও নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্য, সংগঠনের সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফ ভোটার ও সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশ, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটনের ব্র্যান্ডিং, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং টোয়াবকে আরও আধুনিক, কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে নতুন পরিচালনা পর্ষদ নিষ্ঠার সঙ্গে কাজ করবে।
তিনি বলেন, টেকসই পর্যটন উন্নয়ন, সরকারি নীতিগত সহায়তা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং টোয়াব সদস্যদের ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোর বিষয়গুলো নতুন কমিটির অগ্রাধিকার পাবে। একই সঙ্গে পর্যটন খাতে নতুন বিনিয়োগ আকর্ষণ এবং দেশের সম্ভাবনাময় পর্যটন গন্তব্যগুলোকে বিশ্বদরবারে আরও কার্যকরভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
বিদায়ী সভাপতি মো. রাফেউজ্জামান নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, টোয়াবের ধারাবাহিক উন্নয়ন ও দেশের পর্যটন শিল্পের অগ্রযাত্রায় নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংগঠনের সার্বিক উন্নয়নে সকল সদস্যের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ১৬ জুন রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে মোহাম্মদ হানিফ সভাপতি নির্বাচিত হন। পাশাপাশি সহসভাপতি, পরিচালক এবং সহযোগী সদস্য গ্রুপের পরিচালকসহ অন্যান্য পদেও নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। শনিবারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নতুন পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করল।
পর্যটন খাতের সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের উদ্যোগে টোয়াব দেশের পর্যটন শিল্পের বিকাশ, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে আরও কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে বৈশ্বিক অঙ্গনে আরও শক্তভাবে তুলে ধরতে সংগঠনটি নতুন উদ্যমে কাজ করবে।
Posted ১২:০২ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬
9 News Bd | s s