নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চেয়ারম্যানসহ ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী।
ঘোষিত বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিনকে।
অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। সংশ্লিষ্ট শিল্পে নিযুক্ত শ্রমিকদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৮ ধারার বিভিন্ন উপধারার বিধান অনুযায়ী বোর্ডের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
Posted ৭:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২৬
9 News Bd | s s