নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট
পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও অস্থিরতা সৃষ্টির পেছনে কিছু শিল্পমালিক, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জড়িত বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কিছু পোশাকশিল্পমালিকও অস্থিরতা সৃষ্টির পেছনে কাজ করছেন। কিছু শিল্পমালিক উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ করেছেন। তাঁদের পাশাপাশি অস্থিরতায় জড়িত শ্রমিকনেতা ও সংগঠনগুলোর তালিকা দিতে মালিক সংগঠনগুলোকে বলা হয়েছে।
তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের কঠোর হাতে দমন করা হবে। ইতিমধ্যে কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে। সহিংসতার ভিডিও ফুটেজ, অডিও ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে।
শিল্পকারখানার পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশের সদর দপ্তরে নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হবে। সেখান থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
তিনি আরও জানান, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শিগগিরই বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আজ বিকেল তিনটায় শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবে সরকার।
উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন।
Posted ৭:০০ পূর্বাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২৬
9 News Bd | s s