রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে আটটি সমঝোতা স্মারক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে আটটি সমঝোতা স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে আটটি সমঝোতা স্মারকসহ (এমওইউ) একাধিক সহযোগিতা চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে। সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতার অগ্রাধিকার ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরে একটি যৌথ বিবৃতিও প্রকাশের আশা করা হচ্ছে।

প্রস্তাবিত সমঝোতা স্মারকগুলোতে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে চূড়ান্ত আলোচনা শেষে কতটি দলিলে সই হবে, তা নিশ্চিত হওয়া যাবে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রস্তুতি হিসেবে দুই দেশের মধ্যে আটটি দলিল চূড়ান্ত করার কাজ চলছে।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরকালে প্রস্তাবিত সমঝোতা স্মারকগুলোর বেশ কয়েকটি সই হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এ সফরের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জাপানের প্রযুক্তি, শিল্প-অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতার সমন্বয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে। এতে উৎপাদন, কর্মসংস্থান ও মানুষের জীবনমান উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পথও প্রশস্ত হতে পারে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। বৈঠকে দুই দেশের প্রতিনিধিদল অংশ নেবে। এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী।

সফরকালে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন তারেক রহমান। পাশাপাশি জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিনিয়োগের সম্ভাবনা, বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক অংশীদারত্ব নিয়ে আলোচনা করার কথা রয়েছে তাঁর।

এ ছাড়া জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রতিনিধি এবং দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হতে পারে। সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সফরসূচিতে চিবা অঞ্চলের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র এবং নাগোয়ার একটি টয়োটা কারখানা পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে।

সংশ্লিষ্টদের আশা, এ সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও জোরদার হবে এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com