নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
তরুণ সমাজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবতা, অসাম্প্রদায়িকতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মঙ্গলবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে নজরুলবর্ষ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, নজরুলের মানবপ্রেম, অসাম্প্রদায়িকতা, সাম্য ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনন্ত প্রেরণার উৎস। নজরুলচর্চার মাধ্যমে তরুণদের মধ্যে সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত হবে। সুস্থ সংস্কৃতির বিকাশই আলোকিত সমাজ গঠনের অন্যতম ভিত্তি।
তিনি বলেন, জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে নজরুলবর্ষ ঘোষণার মাধ্যমে সারা দেশে নজরুলচর্চা নতুন মাত্রা পেয়েছে। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নজরুলের সৃষ্টির বৈচিত্র্য তুলে ধরে মন্ত্রী বলেন, ইসলামী সংগীতের পাশাপাশি শ্যামাসংগীত রচনার মাধ্যমে কবি ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সাহিত্যকর্মে আরবি, ফারসি, উর্দুসহ বিভিন্ন ভাষার শব্দের সৃজনশীল ব্যবহার বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। তিনি নজরুলের কবিতা আবৃত্তির মাধ্যমে কবির প্রেম, দ্রোহ ও সাম্যের চেতনা তুলে ধরেন।
সুস্থ সাংস্কৃতিক বিকাশে নৌকাবাইচ, যাত্রাশিল্প, বাউল গান, লালন, হাছন রাজা ও বিজয় সরকারের গানের চর্চা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, দেশের পাহাড় ও সমতলের বৈচিত্র্যময় সংস্কৃতির সমন্বয়েই গড়ে উঠেছে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য।
ছাত্রীদের উদ্দেশে নারীশক্তির জাগরণ ও নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে দেশের সাংস্কৃতিক বিকাশে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সভাপতিত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব, কলেজের শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
Posted ১২:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s