নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে—পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক দল। বক্তব্য প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং তাঁর জবাবদিহি নিশ্চিত করার দাবি উঠেছে। একই অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়েও তাঁর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।
সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব।’ পুলিশ বলপ্রয়োগ করলে সমালোচনা করা হয়, আবার নিষ্ক্রিয় থাকলেও দুর্বল বলা হয়—এমন যুক্তি তুলে ধরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে উপযুক্ত পরিবেশ দেওয়ার আহ্বান জানান তিনি।
তবে মানবাধিকার সংগঠনগুলোর মতে, অপরাধ দমনের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো সুযোগ নেই। সংবিধানে নাগরিকের জীবন, ব্যক্তিস্বাধীনতা ও আইনের আশ্রয়লাভের অধিকার নিশ্চিত করা হয়েছে। সরকারের অনুমতিও বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দিতে পারে না।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আইজিপির বক্তব্যকে ‘অপরিণামদর্শী’ আখ্যা দিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। পাশাপাশি জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে দায়িত্ব থেকে অপসারণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলেছে, কোনো নাগরিক অপরাধে অভিযুক্ত হলেও তাঁকে আদালতের বাইরে হত্যার অধিকার রাষ্ট্রের নেই। বক্তব্য পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।
মানবাধিকার সংগঠন অধিকার আশঙ্কা প্রকাশ করেছে, আইজিপির বক্তব্য মাঠপর্যায়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ছাড়পত্র হিসেবে বিবেচিত হতে পারে। সংগঠনটি এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটিও (এইচআরএসএস) বলেছে, অপরাধীর বিচার আদালতেই হতে হবে; রাষ্ট্রীয় অনুমোদনেও বিচারবহির্ভূত হত্যার সুযোগ নেই।
রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আইজিপির বক্তব্যের নিন্দা জানিয়েছে। জামায়াত বলেছে, পুলিশ জনগণের সেবক, শাসক নয়। এবি পার্টির মতে, ক্রসফায়ারের সংস্কৃতি ফিরিয়ে আনার ইঙ্গিত জনমনে নতুন উদ্বেগ তৈরি করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশও বক্তব্যটিতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের ভূমিকার স্মৃতি ফিরে আসার কথা উল্লেখ করেছে।
সাংবাদিকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদ
একই অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ তুলে আইজিপির দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।
সংগঠনটির সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এক যৌথ বিবৃতিতে বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে সামগ্রিকভাবে এমন অভিযোগ তোলা অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক। কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে।
ক্র্যাব আইজিপিকে ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের নিয়ে দেওয়া মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যথায় সাংবাদিকদের মর্যাদা, স্বাধীনতা ও পেশাগত অধিকার রক্ষায় অন্যান্য সংগঠনকে সঙ্গে নিয়ে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
Posted ৭:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
9 News Bd | s s