আন্তর্জাতিক ডেস্ক | বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট
বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সব দূতাবাস ও কনস্যুলেটে আপাতত নতুন করে ভিসা সাক্ষাৎকার নেওয়া হবে না।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, দূতাবাস ও কনস্যুলেটে দায়িত্ব পালনকারী কূটনীতিক ও ভিসা কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশিক্ষণ কবে শেষ হবে এবং কবে থেকে আবার নিয়মিত ভিসা সাক্ষাৎকার শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো ভিসা কর্মকর্তাদের এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন—এমন আবেদনকারীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে পারেন।
ভিসা সাক্ষাৎকার স্থগিতের খবরটি প্রথম প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, অনেক আবেদনকারী মার্কিন দূতাবাস ও কনস্যুলেট থেকে ই-মেইল পেয়েছেন। সেখানে তাদের নির্ধারিত সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন বা পুনর্নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের অভিবাসননীতিতে কঠোর অবস্থান নিয়েছেন। অবৈধ অভিবাসন কমানোর পাশাপাশি বৈধ অভিবাসন ও ভিসা প্রদানের ক্ষেত্রেও কঠোর নীতি অনুসরণ করছে তার প্রশাসন।
এর আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই সঙ্গে কিছু বিদেশি নাগরিকের ভিসা বাতিল এবং বৈধ অভিবাসীদের মর্যাদা নিয়েও নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নতুন করে ভিসা সাক্ষাৎকার স্থগিতের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক শিক্ষার্থী, পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য আবেদনকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতিতে ভিসা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে—এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি। বরং প্রশিক্ষণ শেষ হওয়ার পর সাক্ষাৎকার কার্যক্রম পুনরায় চালু করার কথা রয়েছে।
Posted ১০:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২৬
9 News Bd | s s