বিনোদন ডেস্ক | বুধবার, ০৩ জুন ২০২৬ | প্রিন্ট
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, সম্প্রতি বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আমির ও গৌরী। অনুষ্ঠানটি হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
যদিও অতিথি তালিকা প্রকাশ করা হয়নি, তবে বলিউড অঙ্গনে গুঞ্জন রয়েছে যে আমিরের দীর্ঘদিনের বন্ধু শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন। সেই সংসারে তাদের দুই সন্তান জুনাইদ খান ও ইরা খান। পরে চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক কিরণ রাওকে বিয়ে করেন তিনি। তাদের একমাত্র ছেলে আজাদ। ২০২১ সালে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদের ঘোষণা দেন আমির ও কিরণ।
অন্যদিকে গৌরীরও আগের একটি সংসার ছিল। তার সাত বছর বয়সী এক ছেলে রয়েছে। পারিবারিকভাবে গৌরীর একটি বিশেষ ঐতিহাসিক পরিচয়ও রয়েছে। তার দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত একজন কমিউনিস্ট কর্মী, যিনি ১৯২০-এর দশকে ভারতে এসে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন।
গত বছর নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো গৌরীকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির খান। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। অবশেষে সেই সম্পর্কই এবার বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।
দীর্ঘ অভিনয়জীবনে ব্যক্তিগত বিষয় নিয়ে বরাবরই সংযত থাকা আমির খান জীবনের নতুন এই অধ্যায় শুরু করতে যাচ্ছেন ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে। তার ভক্তদের নজর এখন জুলাইয়ের সেই বিশেষ দিনের দিকে।
Posted ১:০২ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২৬
9 News Bd | s s