আন্তর্জাতিক ডেস্ক | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন কারাগারে ঝুঁকির মুখে বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে সুলাইমান খান। দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ার অভিযোগ তুলে তিনি পাকিস্তান সরকার ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দায়ী করেছেন।
সুলাইমানের দাবি, গত আগস্টের পর থেকে তাঁর বাবা সম্পর্কে পরিবার ও আইনজীবীরা কোনো নির্ভরযোগ্য তথ্য পাচ্ছেন না। ওই সময় ইমরান খান নিজেও কারাগারে নির্যাতনের অভিযোগ করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সুলাইমান বলেন, তাঁর বাবার পরিণতি মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহামেদ মুরসির মতো হতে পারে। ২০১৯ সালে বিচার চলাকালে আদালতে মারা যান মুরসি। সুলাইমানের অভিযোগ, ইমরান খান পাকিস্তানের জনপ্রিয় রাজনৈতিক নেতা হওয়ায় তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন। দুর্নীতি ও ঘুষসংক্রান্ত মামলায় দণ্ডিত এই সাবেক প্রধানমন্ত্রী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।
সুলাইমানের অভিযোগ, গত আগস্টে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে শিফা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পাশাপাশি পরিবার ও আইনজীবীদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে না।
তবে পাকিস্তান সরকার নির্যাতন ও নির্জন কারাবাসের অভিযোগ অস্বীকার করেছে। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইমরান খান সরকারের নির্দেশে নয়, আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন।
এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত সেপ্টেম্বরে তাঁর তিন বোনকেও আটক করা হয়। পাঞ্জাব সরকারের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তাঁদের আটকাদেশ আরও ৩০ দিন বাড়ানো হয়েছে।
Posted ১:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
9 News Bd | s s