শিরোনাম >>
শিরোনাম >>

ইয়ংবিয়নে নতুন পারমাণবিক স্থাপনা উত্তর কোরিয়ার: আইএইএ

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

ইয়ংবিয়নে নতুন পারমাণবিক স্থাপনা উত্তর কোরিয়ার: আইএইএ

উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক কেন্দ্র ইয়ংবিয়নে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য নতুন একটি স্থাপনা নির্মাণ করেছে দেশটি। একই সঙ্গে রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে ক্যাংসন পারমাণবিক কেন্দ্রের সম্প্রসারিত অংশেও কার্যক্রম শুরু হয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ভিয়েনাভিত্তিক জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাটি বলছে, বিভিন্ন তথ্যপ্রমাণ ও উপগ্রহচিত্র বিশ্লেষণ করে উত্তর কোরিয়ার একাধিক স্থানে পারমাণবিক অবকাঠামো সম্প্রসারণের ধারাবাহিক কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে। ২০০৯ সালের পর থেকে দেশটি আইএইএর পরিদর্শকদের প্রবেশের অনুমতি না দেওয়ায় উপগ্রহচিত্র এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবি বিশ্লেষণ করেই এসব তথ্য সংগ্রহ করছে সংস্থাটি।

আইএইএর প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের একটি পারমাণবিক স্থাপনা পরিদর্শনের ছবি প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ওই ছবির সঙ্গে উপগ্রহ থেকে পাওয়া ছবি মিলিয়ে ইয়ংবিয়নে একটি নতুন দোতলা ভবনের অস্তিত্ব শনাক্ত করা হয়েছে।

আইএইএর মতে, ভবনটি ইয়ংবিয়নের দ্বিতীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা। এর ওপর ও নিচ—দুই তলাতেই গ্যাস সেন্ট্রিফিউজ ক্যাসকেড স্থাপনের ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে সেখানে অন্তত ২৮টি ক্যাসকেড স্থাপন করা সম্ভব বলে ধারণা করছে সংস্থাটি।

এদিকে ইয়ংবিয়নের পাশাপাশি পিয়ংইয়ংয়ের কাছে ক্যাংসনে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রেও কার্যক্রম সম্প্রসারণের প্রমাণ মিলেছে। ২০২৪ সালে নির্মিত ওই কেন্দ্রের একটি সংযুক্ত ভবনে চলতি বছরের জানুয়ারি থেকে পারমাণবিক কার্যক্রম শুরু হয়েছে বলে ধারণা করছে আইএইএ।

সোমবার আইএইএর বোর্ড অব গভর্নরসের বৈঠকে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ইয়ংবিয়ন ও ক্যাংসনে পারমাণবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং অস্ত্র তৈরির উপযোগী উপাদানের উৎপাদন বাড়ানোর সম্ভাবনা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর মতে, উত্তর কোরিয়ার এসব কর্মকাণ্ড জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন।

তবে আইএইএর পর্যবেক্ষণ ও কর্তৃত্ব বরাবরই প্রত্যাখ্যান করে আসছে পিয়ংইয়ং। ভিয়েনায় উত্তর কোরিয়ার মিশন থেকে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে তাদের অবস্থান চূড়ান্ত ও অপরিবর্তনীয়। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-র বাইরে থাকা একটি পারমাণবিক শক্তিধর দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের আইনি অধিকার আইএইএর নেই বলেও দাবি করেছে উত্তর কোরিয়া।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৬ এএম | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------