শিরোনাম >>
শিরোনাম >>

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার

ফোকাসবাংলা২৪ ডেস্ক   |   মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার

অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে বিপুলসংখ্যক ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিভিন্ন কারণে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করা হয়েছে। ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, অপরাধমূলক কর্মকাণ্ড, সহিংসতার আহ্বান এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি—এসব কারণে বেশিরভাগ ভিসা বাতিল করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে ঢাকাপোস্ট।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসাধারীদের নিয়মিত যাচাই-বাছাইয়ের আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে তারা ভিসার শর্ত মেনে চলছেন কি না এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি করছেন কি না, তা পর্যালোচনা করা হচ্ছে।

দপ্তরের তথ্য অনুযায়ী, হামলা, মাদকসংক্রান্ত অপরাধ, চুরি এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো অপরাধও ভিসা বাতিলের কারণ হিসেবে বিবেচিত হয়েছে। এ ছাড়া ভিসা ব্যবহারে অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস ‘বার্থ ট্যুরিজম’-এর অভিযোগে শতাধিক দম্পতির ভিসা বাতিল করেছে। এসব দম্পতি সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, যাতে তাদের সন্তান জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দেশটির নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারেন—এমন বিদেশি নাগরিকদের শনাক্ত ও তদন্তের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে ভিসাধারীদের নিয়ম মেনে চলার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয়; এটি একটি বিশেষ সুবিধা। এই সুবিধার অপব্যবহার করা হলে ভিসা বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। তখন সেটিকে ভিসা বাতিলের ক্ষেত্রে নতুন রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল। সর্বশেষ হিসাবে সেই সংখ্যা আরও বেড়ে ১ লাখ ৭৫ হাজারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বর্তমান কঠোর অভিবাসন নীতিরই অংশ। বৈধ ভিসাধারীদের ক্ষেত্রেও নিয়মিত যাচাই-বাছাই জোরদার করায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৯ এএম | মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------