শিরোনাম >>
শিরোনাম >>

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৭৭

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ১০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৭৭

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৭৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ধসে পড়েছে বেশ কিছু ভবন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার সকালে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও কলম্বিয়ার ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌরসভার কাছে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। রাজধানী বোগোটা থেকে এলাকাটি প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কম্পন রাজধানী বোগোটাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। আতঙ্কে রাজধানীর বাসিন্দারা বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। বিভিন্ন ভবন ও গাড়ির অ্যালার্ম বেজে ওঠে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিসারালদা প্রদেশে ৪২ জন, ভায়েই দেল কাওকা প্রদেশে ২৭ জন, চোকো প্রদেশে ৪ জন, মানিসালেস শহরে ৩ জন এবং অ্যানতিওকিয়া প্রদেশে একজন নিহত হয়েছেন। বোগোটার দক্ষিণ-পশ্চিমে কালি শহরে অন্তত ২৫টি ভবন ধসে পড়েছে।

কফি উৎপাদনের জন্য পরিচিত পর্যটন অঞ্চল এহে কাফেতেরোর পেরেইরা ও মানিসালেস শহরেও বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। মেদেয়িন শহরে জরুরি সাইরেন বেজে উঠলে বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। শহরটিতে বড় ধরনের ভবনধসের খবর না পাওয়া গেলেও নিরাপত্তার কারণে মেট্রোর চলাচল বন্ধ রাখা হয়েছে। আশপাশের ছোট শহরগুলোতে ছাদ ধসে পড়া এবং বিভিন্ন ভবনের দেয়ালে ফাটল ধরার খবর পাওয়া গেছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জরুরি উদ্ধার ও ত্রাণ তৎপরতায় নিজে নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। রাজধানী বোগোটায় জাতীয় দুর্যোগ সংস্থার সমন্বিত কমান্ড পোস্ট থেকে তিনি উদ্ধার কার্যক্রমের সমন্বয় করবেন বলে জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সহায়তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

ভূমিকম্পের কম্পন প্রতিবেশী ইকুয়েডর ও ভেনেজুয়েলাতেও অনুভূত হয়েছে। ভেনেজুয়েলার তাচিরা রাজ্য ও বারকিসিমেতো শহরের বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

কলম্বিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকারীরা বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৬ পিএম | সোমবার, ১০ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------