শিরোনাম >>
শিরোনাম >>

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, জার্মানিতে নতুন তাপমাত্রার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২৮ জুন ২০২৬   |   প্রিন্ট

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, জার্মানিতে নতুন তাপমাত্রার রেকর্ড

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জার্মানি, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশে রেকর্ড তাপমাত্রা, স্বাস্থ্যঝুঁকি এবং স্বাভাবিক জীবনযাত্রায় বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। চরম গরমে রাস্তাঘাট, শপিংমল ও শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রায় জনশূন্য হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া অধিকাংশ মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না।

জার্মান আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবার বিকেলে দেশটির স্যাক্সনি-আনহাল্ট অঙ্গরাজ্যের ড্রেভিৎস এলাকায় ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী কয়েক দিনও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

জলবায়ুবিষয়ক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন জানিয়েছে, ইউরোপের চলমান এই চরম তাপপ্রবাহের পেছনে মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনই প্রধান কারণ। গবেষকদের মতে, অর্ধশতাব্দী আগে এ ধরনের তাপপ্রবাহ ছিল অত্যন্ত বিরল। জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে এখন এমন চরম আবহাওয়া আরও ঘন ঘন দেখা দিচ্ছে।

কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস-এর তথ্য অনুযায়ী, ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। সেখানে বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, এই তাপপ্রবাহ স্বাস্থ্য, কৃষি, শ্রম ও অবকাঠামোর ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। সংস্থাটির মুখপাত্র ক্লেয়ার নুলিস বলেন, ভবিষ্যতে এ ধরনের চরম আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রস্তুতি নিতে হবে।

চলতি বছরের তাপপ্রবাহে ইউরোপে এখন পর্যন্ত হিটস্ট্রোক, অতিরিক্ত তাপজনিত অসুস্থতা এবং পানিতে নেমে দুর্ঘটনাসহ বিভিন্ন ঘটনায় চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুধু জুন মাসেই তাপপ্রবাহ-সম্পর্কিত শতাধিক মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। ফ্রান্সেও বহু অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অতিরিক্ত গরমে অনেক মানুষ নদী ও জলাশয়ে নেমে দুর্ঘটনার শিকার হয়েছেন।

তাপপ্রবাহের প্রভাব পড়েছে পরিবহন ব্যবস্থাতেও। ব্রাসেলস থেকে জার্মানির কোলোন হয়ে প্যারিসগামী একটি ইউরোস্টার ট্রেন অতিরিক্ত গরমের কারণে বিকল হয়ে পড়ে। প্রায় ৪০০ যাত্রী বহনকারী ট্রেনটির তিন যাত্রীকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

চরম আবহাওয়ার কারণে বিভিন্ন দেশ বড় জনসমাগমের অনুষ্ঠান বাতিল করছে। প্যারিসে সপ্তাহান্তের দুটি বড় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জার্মানিতেও হামবুর্গ হাফ ম্যারাথনসহ বেশ কয়েকটি ক্রীড়া আয়োজন স্থগিত করা হয়েছে। বার্লিনসহ বিভিন্ন শহরের উন্মুক্ত সুইমিংপুলে অতিরিক্ত ভিড় সামাল দিতে নতুন টিকিট বিক্রি সীমিত করা হয়েছে।

তীব্র গরমে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে বার্লিন পুলিশ শহরের কেন্দ্র ও শার্লোটেনবুর্গ এলাকায় জলকামান ব্যবহার করে পানির ফোয়ারা ছিটানোর উদ্যোগ নিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ইউরোপের সাম্প্রতিক এই তাপপ্রবাহ শুধু একটি মৌসুমি আবহাওয়ার ঘটনা নয়; এটি জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের আরেকটি স্পষ্ট সতর্কবার্তা। পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদি জলবায়ু নীতি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিচ্ছেন তারা।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩৩ পিএম | রবিবার, ২৮ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------