আন্তর্জাতিক ডেস্ক | সোমবার, ২২ জুন ২০২৬ | প্রিন্ট

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্বও ছাড়ছেন। সোমবার লন্ডনের ডাউনিং স্ট্রিটে দেওয়া এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
স্টারমার জানান, দল নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, ক্ষমতা হস্তান্তরের পুরো প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তিনি কাজ করে যাবেন এবং তাঁর উত্তরসূরিকেও পূর্ণ সহযোগিতা করবেন। এ বিষয়ে তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও কথা বলেছেন বলে জানান।
বক্তব্যে স্টারমার বলেন, আগামী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি এখনও দলের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না, সে বিষয়ে দলের সদস্যরা নতুন করে ভাবছেন। পার্লামেন্টারি দলের কাছ থেকে পাওয়া বার্তাকে তিনি সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন বলেও উল্লেখ করেন। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে স্টারমার আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তব্যের শেষ দিকে তাঁর চোখে পানি দেখা যায় এবং কণ্ঠ ভারী হয়ে ওঠে।
স্টারমারের সরে দাঁড়ানোর মধ্য দিয়ে গত এক দশকে যুক্তরাজ্যে সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পথ তৈরি হলো। কয়েক মাস ধরেই তাঁর নেতৃত্ব নিয়ে দলের ভেতরে ও বাইরে আলোচনা ও চাপ বাড়ছিল। সম্প্রতি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সাফল্য সেই চাপ আরও তীব্র করে তোলে।
২০২৪ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে বড় বিজয় এনে দিয়েছিলেন স্টারমার। তবে পরবর্তী সময়ে বিভিন্ন বিতর্ক ও নীতিগত অবস্থান পরিবর্তনের কারণে তাঁর জনপ্রিয়তা কমতে থাকে। অনেক ভোটারের মধ্যে ধারণা তৈরি হয়, জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি।
বর্তমানে লেবার পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। ফলে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দলটির নতুন নেতা নির্বাচন করতে হবে। স্টারমার জানিয়েছেন, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে এবং কয়েক মাসের মধ্যেই নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

Posted ১:১৬ পিএম | সোমবার, ২২ জুন ২০২৬
9 News Bd | s s


