নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২১ জুন ২০২৬ | প্রিন্ট

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার মধ্যেই তেহরানের প্রতি নতুন করে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে সংঘাত থেকে বিরত রাখতে ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আরও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, লেবাননে সক্রিয় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে অবিলম্বে উত্তেজনাকর কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় সম্প্রতি পরিচালিত হামলার চেয়েও কঠোর জবাবের মুখে পড়তে পারে তেহরান।
এমন মন্তব্যের সময়ই সুইজারল্যান্ডে মার্কিন ও ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ এই আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
শনিবার পূর্ব ও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। পরে সন্ধ্যার দিকে ইসরায়েলি বাহিনীকে সংঘর্ষ সীমিত করার নির্দেশ দেওয়া হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে লেবাননসহ আঞ্চলিক বিভিন্ন ফ্রন্টে বৈরিতা বন্ধের বিষয়ে উভয় পক্ষের অঙ্গীকারের কথা উল্লেখ করা হয়। সেই প্রেক্ষাপটে সুইজারল্যান্ডে শুরু হওয়া নতুন আলোচনাকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
আলোচনার শুরুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর রাখতে সাম্প্রতিক দিনগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলো ইতিবাচকভাবে এগোচ্ছে এবং বাকি বিষয়গুলো নিয়েও কাজ অব্যাহত রয়েছে।
ভ্যান্স আরও দাবি করেন, সাম্প্রতিক মাসগুলোতে লেবাননের সংঘাত প্রশমনে যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্প অন্য যেকোনো দেশের তুলনায় বেশি ভূমিকা পালন করেছে। তবে চলমান সংঘর্ষ এবং ট্রাম্পের নতুন হুমকির কারণে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ এবং শান্তি আলোচনার সাফল্য নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
সূত্র: এ এফ পি

Posted ৪:০৮ পিএম | রবিবার, ২১ জুন ২০২৬
9 News Bd | s s


