আন্তর্জাতিক ডেস্ক | শুক্রবার, ২৯ মে ২০২৬ | প্রিন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে নতুন একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। চুক্তিটি কার্যকর হলে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়তে পারে।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তিটি অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সমঝোতার খসড়া এখনও চূড়ান্ত হয়নি।
আলোচনার সঙ্গে সম্পৃক্ত চারটি সূত্র জানিয়েছে, নতুন চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালি দিয়ে পুনরায় স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হবে। একই সঙ্গে এই সময়ের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন জটিল ইস্যুতে আলোচনার সুযোগ তৈরি হবে।
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যদিও এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি, তবে আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে। তিনি জানান, উভয় পক্ষই সমাধানের খুব কাছাকাছি পৌঁছেছে বলে ওয়াশিংটন আশাবাদী।
এর আগে ট্রাম্প প্রশাসন একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার দাবি করলেও ইরান সেসব বক্তব্যকে গুরুত্ব দেয়নি।
সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে। পাশাপাশি তেল রপ্তানিতেও কিছু ছাড় দেওয়ার আলোচনা চলছে বলে জানা গেছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই পথ আবার পুরোপুরি সচল হওয়ার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে।
এদিকে সামরিক উত্তেজনাও পুরোপুরি থামেনি। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে এবং বন্দর আব্বাসে একটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। অপরদিকে ইরান দাবি করেছে, তারা বুশেহরের কাছে একটি মার্কিন বিমান ভূপাতিত করেছে। যদিও ওয়াশিংটন সেই দাবি অস্বীকার করেছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, বন্দর আব্বাসে হামলার জবাবে তারা কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক তৎপরতাও বাড়ছে। পাকিস্তান জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে চলমান সংকট নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে হরমুজ প্রণালিতে নতুন শুল্ক আরোপের বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা না করতে ওমানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এমনকি এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তাও দেওয়া হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ওমানের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে যে নতুন কোনো শুল্ক আরোপের পরিকল্পনা নেই। তবে ওমান বলেছে, আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচল অব্যাহত রাখতে তারা ইরানের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে।

Posted ৭:০২ পিএম | শুক্রবার, ২৯ মে ২০২৬
9 News Bd | s s


