আন্তর্জাতিক ডেস্ক | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | প্রিন্ট

তাইওয়ান ইস্যু সঠিকভাবে মোকাবিলা করা না গেলে চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি এ বার্তা দেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৈঠকে সি চিন পিং বলেন, তাইওয়ান প্রশ্নটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়গুলোর একটি। এটি ঠিকভাবে সামলানো না গেলে দুই দেশের সম্পর্ক মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
দীর্ঘদিন ধরেই স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী। এ কারণে বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা রয়েছে।
দুই দিনের এই শীর্ষ সম্মেলনে বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সি চিন পিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র সহযোগিতা করলে উভয় দেশই লাভবান হবে, আর মুখোমুখি অবস্থান নিলে দুই পক্ষেরই ক্ষতি হবে।
বৈঠকে ট্রাম্প সি চিন পিংয়ের প্রশংসা করে বলেন, দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও ভালো হবে বলে তিনি আশাবাদী।
বাণিজ্যের পাশাপাশি ইরান ইস্যুতেও দুই নেতা আলোচনা করেছেন। ট্রাম্প আশা প্রকাশ করেছেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চীন ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে চীন কতটা যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে, তা এখনো স্পষ্ট নয়।

Posted ৬:৫৩ এএম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
9 News Bd | s s


