রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নজরুলের মানবতা ও সাম্যের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

নজরুলের মানবতা ও সাম্যের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: সংস্কৃতিমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, নজরুলের সাহিত্য ও দর্শন তরুণদের অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়াতে এবং মানবিক সমাজ গঠনে অনুপ্রাণিত করতে পারে।

বৃহস্পতিবার সকালে মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহম্মদপুর উপজেলা প্রশাসন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংস্কৃতিমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি মানবতা, সাম্য, স্বাধীনতা ও মুক্তিরও কবি। তাঁর লেখায় শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনের আহ্বান রয়েছে। তাই শিক্ষার্থীদের নজরুলের জীবন, সাহিত্য ও দর্শনের সঙ্গে পরিচিত করার পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবে নজরুলচর্চা আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, নজরুল বর্ষ পালনের উদ্দেশ্য কেবল অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। কবির আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করতে হবে। তাঁর মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের মধ্যে নৈতিকতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, পাহাড় ও সমতলের বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার সমন্বয়ে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় গড়ে উঠেছে। দেশে ৫০টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ নিজস্ব ঐতিহ্য নিয়ে বসবাস করছেন। এই বৈচিত্র্যই বাংলাদেশের ঐক্য ও শক্তির অন্যতম ভিত্তি। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার মাধ্যমেই সব জনগোষ্ঠীর সহাবস্থান আরও সুদৃঢ় করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোছা. রাশিদা খাতুন। আলোচনায় অংশ নেন নড়াইলের আহাদ আলী কলেজের অধ্যক্ষ মৈমুর আলী মৃধা।

সেমিনারে নজরুলের জীবন, সাহিত্যকর্ম, মানবতাবাদ, সাম্য, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা হয়। পরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী মহম্মদপুর উপজেলায় একটি পরিদর্শনকক্ষের উদ্বোধন করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com