নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। দিনটি উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা, প্রার্থনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হবে। ঢাকায় বের হবে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রা।
জন্মাষ্টমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শোভাযাত্রা নির্বিঘ্ন করতে নয় দফা নির্দেশনা দিয়েছে। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র্যাব) বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।
জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তাঁরা হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে দেশের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেছেন।
হিন্দু পুরাণ অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, যখন অন্যায়, অত্যাচার ও অশুভ শক্তি সমাজে প্রভাব বিস্তার করে ন্যায়, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন দিনটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে।
মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক জন্মাষ্টমী শোভাযাত্রা। রাতে হবে শ্রীকৃষ্ণের পূজা।
বিকেল ৩টায় পলাশীর মোড়ে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শোভাযাত্রার উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
ডিএমপি জানিয়েছে, জন্মাষ্টমীর শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপ শাহ মাজার ও গুলিস্তান মোড় হয়ে নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় পেরিয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।
এদিকে ইসকনের তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন-কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় নাটক এবং কীর্তন মেলা।
জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির নয় নির্দেশনা
জন্মাষ্টমীর শোভাযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নয় দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, শোভাযাত্রার নির্ধারিত রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। শোভাযাত্রায় উচ্চস্বরে পিএ বা শব্দব্যবস্থা বাজানো থেকে বিরত থাকতে হবে। অংশগ্রহণকারীদের শোভাযাত্রা শুরুর স্থানেই সমবেত হতে হবে; কোনোভাবেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।
নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইটারসহ এ ধরনের কোনো সামগ্রী সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না।
শোভাযাত্রা চলাকালে নির্ধারিত পথে কোনো ধরনের ফলমূল ছোড়া নিষেধ করা হয়েছে। পাশাপাশি রাস্তায় অযথা দাঁড়িয়ে থেকে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্যও অনুরোধ জানিয়েছে পুলিশ।
কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে বলা হয়েছে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া ব্যারিকেড, পিকেট ও তোরণ ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করার পাশাপাশি শোভাযাত্রা চলাকালে নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদ্যাপনের পাশাপাশি শোভাযাত্রাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
Posted ৭:১০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s