নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর ফলে ২০২৬ সালে প্রতিষ্ঠানটির বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার মোট সংখ্যা দাঁড়াল ২৫টিতে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে স্থানীয় সময় বিকেলে বোয়িংয়ের সঙ্গে এ চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, বিমান পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ কিনবে।
চুক্তিতে বোয়িংয়ের পক্ষে স্বাক্ষর করেন কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন। বিমানের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির বোর্ড চেয়ারম্যান রুমি এ. হোসেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ উপস্থিত ছিলেন।
বিমান চেয়ারম্যান রুমি এ. হোসাইন বলেন, নতুন এ ক্রয়াদেশ বিমানের বহর ও নেটওয়ার্ক সম্প্রসারণ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। জাতীয় পতাকাবাহী এয়ারলাইন হিসেবে দেশের জনগণ, প্রবাসী, ব্যবসা ও পর্যটনের যোগাযোগের প্রয়োজন বিবেচনায় নিয়ে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।
বোয়িংয়ের ব্র্যাড ম্যাকমুলেন বলেন, নতুন ক্রয়াদেশটি বিমানের বহর ও সক্ষমতা বৃদ্ধির কৌশলগত পরিকল্পনার প্রতিফলন। অতিরিক্ত ৭৮৭ ড্রিমলাইনার ও ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ বিমানকে জ্বালানি সাশ্রয়, বহুমুখিতা ও নির্ভরযোগ্যতার সুবিধা দেবে বলে উল্লেখ করেন তিনি।
স্বাধীনতার পর ১৯৭২ সালে মাত্র একটি উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির বহরে সর্বোচ্চ ২১টি উড়োজাহাজ ছিল। তবে চলতি বছর বোয়িংয়ের সঙ্গে করা দুটি চুক্তিতে মোট ২৫টি নতুন উড়োজাহাজের ক্রয়াদেশ দিয়েছে বিমান, যা অতীতে বহরে থাকা সর্বোচ্চ সংখ্যার চেয়েও চারটি বেশি।
এর আগে ২০২৬ সালের এপ্রিলে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। ওই চুক্তিতে ছিল আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স।
বর্তমানে বিমান আন্তর্জাতিক রুটে বোয়িং ৭৮৭, ৭৭৭ এবং ৭৩৭ নেক্সট-জেনারেশন উড়োজাহাজ পরিচালনা করছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক রুট সম্প্রসারণ ও বহর আধুনিকীকরণের সুযোগ আরও বাড়বে।
Posted ৭:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s