ফোকাসবাংলা২৪ ডেস্ক | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট
বাজারে আসার মাত্র কয়েক দিনের মধ্যেই অ্যাপলের নতুন ভাঁজযোগ্য স্মার্টফোন আইফোন ডুওর পর্দায় ফাটল, ডেড পিক্সেল ও রেখা দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। ২৩ অক্টোবর বাজারে আসা ফোনটি কেনার কয়েক ঘণ্টার মধ্যেই এমন সমস্যায় পড়েছেন বলে দাবি করেছেন কয়েকজন গ্রাহক। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অভিযোগ নিয়ে শুরু হয়েছে আলোচনা, যার নাম দেওয়া হয়েছে ‘ক্র্যাকগেট’।
ব্যবহারকারীদের অভিযোগ, ফোনটি ভাঁজ করে খোলার সময় কবজায় অস্বাভাবিক শক্তভাব অনুভূত হয়। এরপর একটি শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে পর্দায় ফাটল দেখা দেয়। কারও কারও দাবি, ফোনটি ২০ বারেরও কম খোলার পর এ সমস্যা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে পর্দার মাঝখানের ভাঁজ বরাবর প্রায় একই ধরনের ফাটল দেখা গেছে।
সমস্যার কারণ নিয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি অ্যাপল। তবে প্রযুক্তিপণ্য মেরামতবিষয়ক প্রতিষ্ঠান আইফিক্সিট ফোনটির ভেতরের কাঠামো পরীক্ষা করে জানিয়েছে, জটিল কবজার কোনো অংশ ঠিকভাবে কাজ না করলে পর্দায় অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। দক্ষিণ কোরিয়ার এক ইউটিউবারও স্থায়িত্ব পরীক্ষার সময় কবজার ভেতরের একটি ছোট যন্ত্রাংশ ভেঙে যাওয়ার ঘটনা পেয়েছেন। তবে এসব পরীক্ষায় সমস্যার চূড়ান্ত কারণ নিশ্চিত হয়নি।
এদিকে ফোনটির সরবরাহসংকটও গ্রাহকদের ভোগান্তি বাড়াতে পারে। অনলাইনে সব রং ও ধারণক্ষমতার সংস্করণ বিক্রি হয়ে যাওয়ায় নতুন অর্ডার দিলে আগামী বছরের ২২ জানুয়ারির আগে ফোন পাওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।
অ্যাপলের ওয়ারেন্টি নীতিমালা অনুযায়ী, স্বাভাবিক ব্যবহারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এক বছরের ওয়ারেন্টির আওতায় মেরামতের সুযোগ রয়েছে। তবে ওয়ারেন্টির মেয়াদ শেষ হলে মেরামত খরচ সর্বোচ্চ ১ হাজার ৫০০ ডলার পর্যন্ত হতে পারে। ক্ষতিগ্রস্ত কয়েকজন গ্রাহক অবশ্য অ্যাপল স্টোর থেকে অর্থ ফেরত বা নতুন ফোন পেয়েছেন বলে জানিয়েছেন।
Posted ১১:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২৬
9 News Bd | s s