নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | প্রিন্ট
দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৭৮২ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।
বৃহস্পতিবার বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মূল্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে ২১ ক্যারেটের এক ভরি সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৯৭৪ টাকায় বিক্রি হবে।
এদিকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বর্ণ খাতে ভ্যাট কাঠামোয় পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বর্তমানে স্বর্ণ ও স্বর্ণালংকার বিক্রির মোট মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করা হয়। তবে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এ পদ্ধতি পরিবর্তন করে নির্দিষ্ট অঙ্কের ভ্যাট নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, নতুন বাজেটে প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা নির্ধারিত ভ্যাট আরোপ করা হতে পারে। বর্তমান ব্যবস্থায় বাজারমূল্য অনুযায়ী প্রতি ভরি স্বর্ণালংকারে ১০ হাজার টাকার বেশি ভ্যাট দিতে হয়। একই সঙ্গে উৎসে করও কমানোর প্রস্তাব রাখা হতে পারে বলে জানা গেছে।
Posted ৮:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
9 News Bd | s s