ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৭ জুন ২০২৬ | প্রিন্ট
শিরোপা ধরে রাখার মিশন শুরু হলো দারুণ এক জয়ে। অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
ম্যাচের পঞ্চম মিনিটেই জালের দেখা পেয়েছিলেন মেসি। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। কিন্তু তাতে থেমে থাকেননি আর্জেন্টাইন মহাতারকা। ১৭ মিনিটে দূরপাল্লার অসাধারণ এক শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। প্রতিপক্ষের অর্ধ থেকে রদ্রিগো ডি পলের পাস পেয়ে কয়েকজন ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে আলজেরিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন মেসি।
প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬০ মিনিটে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের লম্বা বল থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের ভুলের সুযোগ নিয়ে সহজেই বল জালে পাঠান তিনি।
এরপর ৭৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টিনার অধিনায়ক। আক্রমণের সূচনা করে নিকোলাস গঞ্জালেসকে বল দেন মেসি। পরে গঞ্জালেসের কাছ থেকে বল ফিরে পেয়ে এক টাচে নিয়ন্ত্রণ নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে জালের বাঁ দিকের নিচের কোণে বল পাঠান তিনি। সেই গোলেই নিশ্চিত হয় আর্জেন্টিনার বড় জয়।
বিশ্বকাপ ক্যারিয়ারে এটি মেসির প্রথম হ্যাটট্রিক। একই সঙ্গে তিনি যৌথভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার কাতারেও উঠে এসেছেন। নিজের রেকর্ডময় রাতে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
মেসির অনবদ্য পারফরম্যান্সে বিশ্বকাপের যাত্রা জয় দিয়ে শুরু করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে। সেই ম্যাচেও জয়ের ধারা ধরে রেখে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চাইবে স্কালোনির দল।
Posted ৩:২২ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬
9 News Bd | s s