নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে চুমু দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার দিনভর ভিডিওটি নিয়ে আলোচনা চলে। ভিডিওতে দেখা যায়, মেহেদি পরানোর এক আয়োজনে হবু বর-কনের সাজে রয়েছেন অপু বিশ্বাস ও এক যুবক। একপর্যায়ে দুষ্টুমি করে অভিনেত্রীকে চুমু দেন ওই যুবক। আকস্মিক ঘটনায় লাজুক হাসিতে মেতে ওঠেন অপু।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই যুবকের নাম আদনান আজাদ। এটি তাঁদের অংশ নেওয়া একটি প্রচারণামূলক ভিডিওর দৃশ্য। আলোচিত চুমুর মুহূর্তটিও পরিকল্পিতভাবে ধারণ করা হয়েছে, যাতে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়।
এর আগে গত ১৫ অক্টোবর আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহের কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। সেসব ছবি প্রকাশের পর থেকেই তাঁদের সম্পর্ক ও একসঙ্গে কাজের সম্ভাবনা নিয়ে কৌতূহল তৈরি হয়।
প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ‘পাষাণের প্রেম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন অপু ও আদনান। ওই ছবির মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় আদনানের। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে জনপ্রিয়তা পান অপু। অন্যদিকে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান।
সম্প্রতি একসঙ্গে ফটোশুটের পর নতুন সিনেমায় কাজের সম্ভাবনার কথাও জানিয়েছিলেন অপু। তাঁর ভাষ্য, আদনান বড় পরিসরে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। এ জন্য দেশের বাইরে থেকে দক্ষ একটি দল আনার বিষয়েও আলোচনা চলছে।
অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি আদনান বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত। দীর্ঘ বিরতির পর অপু বিশ্বাসের সঙ্গে তাঁর আবারও বড় পর্দায় ফেরার সম্ভাবনা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা চলছে।
Posted ৮:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২৬
9 News Bd | s s