নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
রাজধানীর বাজারে আবারও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম ১০ টাকা বেড়ে ১৫০ টাকায় উঠেছে। তবে মুরগির দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। পাশাপাশি বাজারে শীতকালীন নতুন সবজির সরবরাহ বাড়ায় তুলনামূলক কম দামে মিলছে কয়েক ধরনের সবজি।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে সপ্তাহের শুরুতে প্রতি ডজন ডিম ১৪০ টাকায় বিক্রি হলেও এখন তা বেড়ে ১৫০ টাকা হয়েছে। ডিম বিক্রেতারা জানান, টানা ছুটির সময়ে চাহিদা কম থাকায় দাম কমেছিল। ছুটি শেষে চাহিদা বাড়ায় আবারও দাম বেড়েছে।
অন্যদিকে, গত সপ্তাহে মুরগির দাম বাড়লেও এবার কিছুটা কমেছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দামও কমে ৩৩০ থেকে ৩৪০ টাকায় নেমেছে। গত সপ্তাহে এসব মুরগির দাম ছিল যথাক্রমে ১৯০ থেকে ২০০ টাকা এবং ৩৫০ থেকে ৩৬০ টাকা।
সবজির বাজারে রয়েছে মিশ্র প্রবণতা। নতুন আসা ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, মুলা প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা এবং শিম ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের মতে, শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় দাম তুলনামূলক কম রয়েছে।
তবে গ্রীষ্মকালীন কিছু সবজির দাম এখনো বেশি। ঝিঙে, চিচিঙ্গা, পটোল ও ঢ্যাঁড়স প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ও বেগুনের দাম কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা।
এদিকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট পুরোপুরি কাটেনি। প্রতি লিটার ২০৪ টাকা নির্ধারিত থাকলেও কোথাও কোথাও তা ২১০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, কোম্পানি থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ায় পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে।
Posted ৬:৫৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
9 News Bd | s s