নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন অভিযোগ করেছেন, ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে যোগাযোগ ও লিয়াজোঁ শুরু করেছে। তাঁর এ বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ শহরের কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের একটি গোপন বৈঠকের তথ্য রাষ্ট্রের কাছে রয়েছে। আগামী দিনে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যেই জামায়াত এখন থেকে ভারতের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে তিনি দাবি করেন।
এ সময় ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ কর্মসূচি নিয়েও কথা বলেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, খুলনা বিভাগে জোটের লংমার্চ তুলনামূলক দুর্বল হবে। আগামীকাল শনিবার খুলনা বিভাগের মানুষ জামায়াতকে প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের গোপালগঞ্জে পথসভা না করার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের ভয়ে দলটি সেখানে পথসভা করছে না।
এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ উঠলে জামায়াতে ইসলামী তা অস্বীকার করে। দলটির পক্ষ থেকে অভিযোগের সত্যতা প্রমাণের চ্যালেঞ্জ জানানো হয়।
Posted ১১:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
9 News Bd | s s