বিনোদন ডেস্ক | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন মানেই মুম্বাইয়ে তাঁর বাড়ি মান্নাতের সামনে ভক্তদের ভিড়। তবে এবার ২ নভেম্বর ৬১তম জন্মদিনে প্রিয় তারকার দেখা নাও পেতে পারেন অনুরাগীরা। আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত থাকায় জন্মদিনে মুম্বাইয়ে থাকার সম্ভাবনা কম শাহরুখের।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমার একাধিক গানের দৃশ্য ধারণ চলছে। মুম্বাইয়ে দীপিকা পাড়ুকোনের সঙ্গে শুটিংয়ের পর একটি গানের দৃশ্য ধারণ করতে শাহরুখের লন্ডনে যাওয়ার কথা রয়েছে। ফলে জন্মদিনে ভক্তদের সঙ্গে তাঁর নিয়মিত সাক্ষাৎ অনুষ্ঠান এবার নাও হতে পারে।
তবে ভক্তদের জন্য আশার খবরও রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আগামী ২৪ ডিসেম্বর ‘কিং’ মুক্তির আগে অনুরাগীদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠানের আয়োজন করতে পারেন শাহরুখ।
গত দুই বছর ধরে জন্মদিনে মান্নাতের সামনে এসে ভক্তদের সঙ্গে দেখা করার পরিবর্তে মুম্বাইয়ের বাল গন্ধর্ব রঙ্গমন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। সেখানে নির্ধারিত পাসের মাধ্যমে ভক্তরা শাহরুখের সঙ্গে সময় কাটানো ও কথা বলার সুযোগ পেয়েছেন।
এদিকে সংস্কারকাজ চলায় বর্তমানে মান্নাতে থাকছেন না এই অভিনেতা।
Posted ১:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
9 News Bd | s s