নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
দেশের বেকারত্ব নিরসন ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে উচ্চশিক্ষাসহ সব স্তরে কর্মমুখী, কারিগরি ও প্রকৌশল শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক ডিজিটাল প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে উচ্চশিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) বঙ্গভবনে ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শাফায়েত মোহাম্মদ, উপাচার্য ফরিদ আহমদ সোবহানীসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানায়। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে অগ্রগতি এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাঁকে অবহিত করে।
প্রতিনিধিদল জানায়, জেসাপ আন্তর্জাতিক আদালত প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে ২০২৬ সালসহ চারবার চ্যাম্পিয়ন হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি। এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিতে বিশ্ববিদ্যালয়টি এ পর্যন্ত ১০০ কোটি টাকার বেশি ব্যয় করেছে।
রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার ও উদ্ভাবনী কার্যক্রম জোরদার করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি অনুষ্ঠানে অংশগ্রহণের আশ্বাস দেন।
Posted ১২:৩১ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
9 News Bd | s s