ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৭ মে ২০২৬ | প্রিন্ট
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নতুন ইতিহাস গড়েছেন নুরুননাহার নিম্মি। তিনি তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পৌঁছে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।
বুধবার (২৭ মে) নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে তিনি সফলভাবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। অভিযানের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘৮কে এক্সপেডিশন’-এর পক্ষ থেকে অ্যাঙ তেম্বা শেরপা এ তথ্য নিশ্চিত করেছেন। পরে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সভাপতি ও এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
জানা গেছে, চূড়ান্ত অভিযানের অংশ হিসেবে গত ২৫ মে নুরুননাহার নিম্মি ক্যাম্প-২ থেকে যাত্রা শুরু করে রাতে ক্যাম্প-৩-এ অবস্থান নেন। পরদিন ভোরে ক্যাম্প-৩ থেকে রওনা দিয়ে দুপুরের দিকে ক্যাম্প-৪-এ পৌঁছান। সেখানে কিছু সময় বিশ্রাম শেষে তিনি চূড়ার উদ্দেশে শেষ ধাপের যাত্রা শুরু করেন। প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পথ পাড়ি দিয়ে বুধবার ভোরে তিনি এভারেস্টের শীর্ষে পৌঁছে বাংলাদেশের পতাকা উড়ান। এ সময় তার সঙ্গে ছিলেন দাওয়া নুপু শেরপা ও লাকপা থিনদুক শেরপা।
গত ১১ এপ্রিল এভারেস্ট অভিযানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন নুরুননাহার নিম্মি। তার এই অভিযানের পরিকল্পনা করে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং পৃষ্ঠপোষকতা দেয় পূবালী ব্যাংক।
অষ্টম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করে নুরুননাহার নিম্মি দেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করলেন।
এর আগে ২০১০ সালে মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন। ২০১২ সালে নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন। একই বছর ওয়াসফিয়া নাজরীন দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। এবার সেই তালিকায় যুক্ত হলো নুরুননাহার নিম্মির নাম।
Posted ৪:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ মে ২০২৬
9 News Bd | s s