রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অর্থনীতির গতিশীলতায় সিএমএসএমই খাত অপরিহার্য: অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

  |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

অর্থনীতির গতিশীলতায় সিএমএসএমই খাত অপরিহার্য: অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ব্যাংকিং খাতের সমন্বয়: ঋণদাতা ও ঋণগ্রহীতার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় দেশের অর্থনীতি চাঙা করতে সিএমএসএমই খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসাবান্ধব পরিবেশের অভাবে শিল্পখাতে উৎপাদন কমেছে, বেড়েছে খেলাপি ঋণ এবং কমেছে বেসরকারিখাতে ঋণপ্রবাহ। সরকারের ঋণ গ্রহণ বৃদ্ধিও এ চাপ বাড়িয়েছে। তিনি বলেন, এ অবস্থা কাটাতে ব্যাংকিং খাতের কাঠামোগত সংস্কার, সুশাসন নিশ্চিতকরণ এবং ব্যাংক-বেসরকারিখাতের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি।

তিনি জানান, দেশে ৩ লাখ ২১ হাজার কোটি টাকার বেশি অতিরিক্ত তারল্য থাকা সত্ত্বেও বেসরকারিখাতে ঋণের প্রবৃদ্ধি কমে প্রায় ৬ শতাংশে নেমেছে। শিল্পখাতে অনাদায়ী ঋণ ৫০ শতাংশ ছাড়িয়েছে এবং খেলাপি ঋণ ৩১ শতাংশে পৌঁছেছে। এসএমই খাতেও উল্লেখযোগ্য অংশ ঋণ খেলাপিতে পরিণত হচ্ছে, যা ব্যাংকগুলোর জন্য উদ্বেগজনক।

তাসকীন আহমেদ বলেন, খেলাপি ঋণ বৃদ্ধির ফলে ব্যাংকের মূলধন সংকট তৈরি হচ্ছে এবং তারা ব্যবসায়িক ঋণের পরিবর্তে ট্রেজারি বিলে বিনিয়োগে ঝুঁকছে। এ প্রবণতা রোধে ব্যাংক খাতের গভীর দুর্বলতা দূর করা এবং স্থানীয় শিল্পায়নে অর্থায়ন বাড়ানো প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে ড. তিতুমীর বলেন, সিএমএসএমই খাতের উন্নয়নই দেশের সামগ্রিক অগ্রগতির ভিত্তি। এ খাতের বিকাশে সরকার ও বেসরকারিখাতকে একযোগে কাজ করতে হবে। তিনি ব্যাংক কোম্পানি আইনসহ আর্থিক খাতের বিভিন্ন আইন সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে শ্রমঘন শিল্পের বিকাশে সরকার গুরুত্ব দিচ্ছে। বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু, উৎপাদন বৃদ্ধি এবং নারী উদ্যোক্তাদের সহায়তায় উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণেও সরকার কাজ করছে।

ড. তিতুমীর দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য শক্তিশালী বন্ড মার্কেট ও পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর দেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, এসএমই অর্থায়ন সহজ করা জরুরি এবং এ ক্ষেত্রে নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, প্রযুক্তিনির্ভর তথ্য বিনিময় জোরদার করা এবং ব্যবসা পরিবেশ উন্নয়নও প্রয়োজন।

তারা আরও জানান, এসএমই উদ্যোক্তাদের তথ্য সংরক্ষণের দুর্বলতা ঋণপ্রাপ্তিতে বাধা সৃষ্টি করছে। তাই ক্রেডিট গ্যারান্টি স্কিম সম্প্রসারণ, ঋণের শর্ত সহজীকরণ এবং এসএমই পণ্যের বাজারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া উচিত।

মুক্ত আলোচনায় বক্তারা সরকারের ব্যাংক নির্ভর ঋণ গ্রহণ কমানোর আহ্বান জানান। অনুষ্ঠানে ডিসিসিআই নেতৃবৃন্দসহ সরকারি ও বেসরকারিখাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৩ অপরাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com