নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩০ মে ২০২৬ | প্রিন্ট
কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতার বিরুদ্ধে বিপুল অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগ তুলেছেন পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা নিয়েছেন। একইভাবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন।
শনিবার (৩০ মে) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব অভিযোগ করেন। কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
বিশেষ অতিথির বক্তব্যে মোস্তাক মিয়া বলেন, জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিল থেকে এই অর্থ নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, বৈষম্যহীন সমাজ ও সমন্বয়ের রাজনীতির কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।
তবে অভিযোগের পক্ষে তিনি কোনো নথিপত্র বা বিস্তারিত ব্যাখ্যা উপস্থাপন করেননি। অনুষ্ঠানের পর বিষয়টি সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত সহকারী জানান, প্রশাসক অন্য একটি কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন এবং পরে এ বিষয়ে কথা বলবেন।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি।
একই অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সংকটময় সময়ে নেতৃত্ব দিয়ে জনগণের আস্থা অর্জন করেছিলেন। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনমুখী রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণকারী রাজনৈতিক কর্মীদের আচরণ, দায়িত্ববোধ ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ডে সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা (টিপু) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।
হাসনাত আবদুল্লাহ’র জবাব: কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের করা ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেছেন, যে অর্থের কথা বলা হয়েছে তা ব্যক্তিগতভাবে তাঁকে দেওয়া হয়নি; বরং তা ছিল উপজেলার উন্নয়নের জন্য বরাদ্দকৃত বাজেট।
শনিবার এক প্রতিক্রিয়ায় হাসনাত আবদুল্লাহ বলেন, জেলা পরিষদের প্রশাসক যে অর্থের কথা উল্লেখ করেছেন, সেটি দেবীদ্বার উপজেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। কোনো ব্যক্তি হিসেবে তিনি সেই টাকা পাননি। তিনি আরও বলেন, কোন খাতে কত টাকা বরাদ্দ ও ব্যয় হয়েছে, তার পূর্ণ হিসাব জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে রয়েছে এবং তা প্রকাশ করা যেতে পারে।
Posted ২:২৪ অপরাহ্ণ | শনিবার, ৩০ মে ২০২৬
9 News Bd | s s