ফোকাসবাংলা২৪ ডেস্ক | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট
যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে। জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টার-এ প্রকাশিত এক নোটিশে নতুন শুল্কহার ঘোষণা করা হয়। নতুন শুল্কের হার ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশের মধ্যে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
নতুন শুল্কের আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, জর্ডান এবং ত্রিনিদাদ ও টোবাগো।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশ, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে বিদ্যমান শুল্কের সঙ্গে সমন্বয় করে মোট ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে চীন ও ভিয়েতনামসহ বাকি ৩৮টি দেশের জন্য শুল্কহার ১২ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের পণ্যের ওপরও ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
এর আগে ট্রাম্প প্রশাসনের আরোপ করা ১৫০ দিনের জন্য কার্যকর ১০ শতাংশ বৈশ্বিক অস্থায়ী শুল্কের মেয়াদ শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শেষ হবে। একই সময় থেকে নতুন শুল্কহার কার্যকর হবে।
তবে ২৮ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছানো বা পথে থাকা পণ্য নতুন শুল্কের আওতার বাইরে থাকবে।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
9 News Bd | s s