নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তোমরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ ও নতুন স্বপ্ন।’
সোমবার (২৬ অক্টোবর) সকালে বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা ২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত শিক্ষার্থী ও শিক্ষকরা এ পরিদর্শনে অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে দরবার হলে রাষ্ট্রপতি তাদের উদ্দেশে বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রথমবারের মতো রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপচারিতার সুযোগ পান।
বক্তব্যে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের গুরুজন ও শিক্ষকদের যথাযথ সম্মান করার আহ্বান জানান। পাশাপাশি বাবা-মায়ের ত্যাগ ও অবদানের কথা স্মরণ রেখে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
নতুন প্রজন্মকে বঙ্গভবন এবং রাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আগ্রহী করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Posted ৯:৪৮ এএম | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
9 News Bd | s s


