নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
পাহাড় ও সমতলের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রোববার বিকেলে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও নৃগোষ্ঠী-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের অন্যতম শক্তি। বহু জাতিগোষ্ঠী, ভাষা, ঐতিহ্য ও জীবনধারার সমন্বয়ে দেশের সমাজ ও সংস্কৃতি গড়ে উঠেছে। এই বৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির ভিত্তিতে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসব বাংলাদেশের সাংস্কৃতিক পরিসরকে সমৃদ্ধ করেছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু পাহাড় ও সমতলের মানুষের মধ্যে বিভেদ ও দূরত্ব ভুলে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
জেলা প্রশাসক নাজনীন সুলতানার সভাপতিত্বে সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী ও নৃগোষ্ঠী-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সংস্কৃতিমন্ত্রী বান্দরবান নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
Posted ৩:১৯ অপরাহ্ণ | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
9 News Bd | s s