শিরোনাম >>
শিরোনাম >>

নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটকদের মানতে হবে যেসব নিয়ম

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটকদের মানতে হবে যেসব নিয়ম

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটক যাতায়াতে নির্দিষ্ট সীমা আরোপ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক সেন্টমার্টিনে যাতায়াত করতে পারবেন। এ ছাড়া প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি।

রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণ নিয়ে গত ১২ অক্টোবর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পর্যটক ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর সেন্টমার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। তবে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।

দ্বীপে পর্যটকদের কাছ থেকে পরিবেশ সংরক্ষণ ফি আদায়ে পরিবেশ অধিদপ্তরকে ‘পরিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬’-এর ২৬ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনাগুলো বহাল থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতসংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও কক্সবাজারের জেলা প্রশাসককেও চিঠি পাঠানো হয়েছে।

পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং দ্বীপের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যেই পর্যটক যাতায়াত ও নৌযান চলাচলে এসব বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:১৩ এএম | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------