রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফরিদপুরে একদিনে সড়কে ঝরল ৬ প্রাণ, আহত ৬

ফরিদপুর প্রতিনিধি   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

ফরিদপুরে একদিনে সড়কে ঝরল ৬ প্রাণ, আহত ৬

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা-ছেলে ও তিন স্বেচ্ছাসেবীসহ ছয়জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ও বিকেলে মধুখালী ও ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুর আড়াইটার দিকে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আড়কান্দি সেতুর কাছে। সেখানে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন স্বেচ্ছাসেবী নিহত হন। নিহতরা হলেন মাগুরার রাব্বি মোল্লা (২০), নূর মোহাম্মদ ওরফে আরিক (২৯) এবং ঐশী খাতুন (২৫)। তাঁরা ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’-এর মাগুরা দলের সদস্য ছিলেন।

পুলিশ জানায়, ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে তাঁরা মাগুরায় ফিরছিলেন। বাস না পেয়ে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে রওনা দেন তাঁরা। পথে আড়কান্দি সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা পূর্বাশা পরিবহনের একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় আহত সাগর বিশ্বাস (২২), জয় শেখ (২৩) ও রিয়া খাতুনকে (১৯) প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অন্যদিকে, বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর শহরতলির কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাকের চাপায় মা-ছেলে ও এক ইজিবাইকচালক নিহত হন।

নিহতরা হলেন সুমি বেগম (৩২), তাঁর সাত বছর বয়সী ছেলে শাওন এবং ইজিবাইকচালক হাসান শেখ (২৭)।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুমি বেগমের পরিবারের সদস্যরা মাগুরায় তাঁর বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঢাকায় ফেরার জন্য বাসের টিকিট না পেয়ে পরিবারের ছয় সদস্য ইজিবাইকে করে ফরিদপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। তেঁতুলতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারানো একটি বালুবোঝাই ট্রাক ইজিবাইক ও একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলে ও ইজিবাইকচালক নিহত হন। আহত হন আরও ছয়জন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈ জানান, ট্রাকের নিচে চাপা পড়া ইজিবাইকচালককে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম জানান, বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। নিহত তিন স্বেচ্ছাসেবীর মরদেহ থানায় রয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com