রাজশাহী প্রতিনিধি | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
বন্ধ কল-কারখানা চালু, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ মাসে সারাদেশে আরও প্রায় ৪৬টি বন্ধ কল-কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বন্ধ কল-কারখানা চালুর মূল লক্ষ্য হলো নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। শ্রমিকেরা যাতে বেকার না থাকেন এবং কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারেন, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আরও প্রায় ৪৬টি বন্ধ কল-কারখানা চালুর পরিকল্পনা রয়েছে। এ জন্য দেশীয় উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদেরও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হচ্ছে। কল-কারখানা চালু হলে উৎপাদন বাড়বে এবং বেকার শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে কৃষকেরা সার, বীজ ও কীটনাশক সহায়তার পাশাপাশি ফসলবিমা, ব্যাংকঋণ এবং আবহাওয়াসংক্রান্ত তথ্য পাওয়ার সুযোগ পাবেন। কৃষি ও কৃষকের উন্নয়নকে দেশের সামগ্রিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। এ কার্ডের মাধ্যমে পরিবারগুলোকে প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান তিনি। তাঁর মতে, পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বাড়লে পর্যায়ক্রমে গ্রাম থেকে শুরু করে সারা দেশের মানুষের স্বনির্ভরতা বৃদ্ধি পাবে।
স্বাস্থ্য খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালের শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫০ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিশু ও নারীদের জন্য পৃথক শয্যা এবং ডায়ালাইসিস সুবিধা রাখার উদ্যোগ নেওয়া হবে।
রাজশাহী অঞ্চলের পানির সংকট নিরসনে পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। পদ্মা ব্যারাজ নির্মিত হলে রাজশাহীসহ আশপাশের অঞ্চল এবং প্রায় ১৪টি জেলার মানুষ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে অভিযোগ করে তারেক রহমান বলেন, জনগণ স্থিতিশীলতা, কর্মসংস্থান ও শান্তিপূর্ণ পরিবেশ চায়। এসব প্রত্যাশা পূরণের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য।
Posted ১২:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
9 News Bd | s s