নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
মাদকবিরোধী অভিযানে এক হাতে হ্যান্ড মাইক ও অন্য হাতে পিস্তল নিয়ে লোকজনকে ধাওয়া করতে দেখা গেছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে। এ ঘটনায় আইনের ব্যত্যয় হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৮ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনার (ডিসি) ঘটনাটি পর্যালোচনা করে প্রতিবেদন দেবেন। সেখানে আইনের ব্যত্যয় পাওয়া গেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আইনগত ব্যবস্থা নেবে।
অভিযানে একজন প্রতিমন্ত্রী পুলিশের মতো দায়িত্ব পালন করতে পারেন কি না—এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ইশরাক হোসেনের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাজধানীর গেণ্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় তিনি পিস্তল হাতে কয়েকজনকে ধাওয়া করছেন। একপর্যায়ে অস্ত্র তাক করে তাদের দাঁড়ানোর নির্দেশ দেন। ভিডিওতে সাদা পোশাকে আরেক ব্যক্তিকেও অস্ত্র হাতে ধাওয়া করতে দেখা যায়।
এদিকে, শনিবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া আরেক পোস্টে ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন।
Posted ৭:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
9 News Bd | s s