চাঁদপুর প্রতিনিধি | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২৪ জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চার অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিযানে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি মা ইলিশ ও মাছ ধরার ছয়টি নৌকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ এসব তথ্য জানান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। হাইমচর উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ও স্থানীয় কোস্টগার্ডের সদস্যরা এ অভিযানে অংশ নেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একদল জেলে নদীতে মাছ ধরছেন—এমন খবরের ভিত্তিতে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। অপ্রাপ্তবয়স্ক চারজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে জব্দ করা এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছয়টি মাছ ধরার নৌকা কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। উদ্ধার করা ১৫ কেজি মা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে মেঘনা নদীতে অভিযান অব্যাহত থাকবে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভয়াশ্রম এলাকায় উপজেলা টাস্কফোর্স কঠোর অবস্থানে থেকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করবে।
Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
9 News Bd | s s