রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চুয়েটে উপাচার্যকে ভবনে আটকে বাইরে থেকে তালা, ‘নতুন ভিসি প্রত্যাখ্যান’ স্লোগান

চট্টগ্রাম প্রতিনিধি   |   সোমবার, ১২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

চুয়েটে উপাচার্যকে ভবনে আটকে বাইরে থেকে তালা, ‘নতুন ভিসি প্রত্যাখ্যান’ স্লোগান

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ‘নতুন ভিসি প্রত্যাখ্যান’সহ বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন উপাচার্য ক্যাম্পাসে আসছেন—এমন খবর পেয়ে সকাল সাড়ে ৯টা থেকে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে কার্যালয় ছেড়ে যাওয়ার আলটিমেটাম দেন তাঁরা। নির্ধারিত সময় পার হওয়ার পর দুপুর ১২টার দিকে ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এ সময় ভবনের বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করা হয় বলে দাবি করেন তাঁরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে যন্ত্রকৌশল বিভাগের ছাত্রী মাহিরা তাজরীন বলেন, উপাচার্য তাঁদের দেওয়া তালা ভেঙে ভবনে প্রবেশ করেছেন। আলটিমেটাম দেওয়ার পরও তিনি কার্যালয় ছাড়েননি। এ কারণে আবারও ভবনে তালা দেওয়া হয়েছে।

এ ঘটনায় উপাচার্য ভবনের ভেতরে উপাচার্যের সঙ্গে আটকা পড়েন চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদসহ সংগঠনটির কয়েকজন নেতা-কর্মী। ওয়াসিফ রাশেদ অভিযোগ করেন, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সকালে উপাচার্যকে ফুল দিতে যাওয়ার সময় তাঁদের এক নেতাকে লাঞ্ছিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সকালে উপাচার্য ক্যাম্পাসে পৌঁছানোর পর তাঁকে ফুল ও খাবার দিতে যাচ্ছিলেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন। এ সময় আন্দোলনকারীরা তাঁকে উপাচার্য ভবনে প্রবেশে বাধা দেন। একপর্যায়ে তাঁর কাছ থেকে ফুল ও খাবার নিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন।

কর্মসূচির কারণে এত দিন ক্যাম্পাসে যেতে পারেননি নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। সোমবার সকালে একটি হাইয়েস মাইক্রোবাসে করে ক্যাম্পাসে পৌঁছে তিনি নিজেকে শিক্ষক পরিচয় দিয়ে প্রবেশ করেন বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে। পরে ছাত্রদলের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে নিজের কার্যালয়ে যান তিনি।

সকালে উপাচার্য ভবনে গিয়ে দেখা যায়, নির্ধারিত চেয়ারে বসে আছেন অধ্যাপক শেখ শরীফুল আলম। তাঁর কক্ষে উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন। তাঁরা একসঙ্গে ভবনে প্রবেশ করেছেন বলে জানান আবু সুফিয়ান আল সাবিত।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------