নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা ও স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে ‘কাজী নজরুল ইসলাম: স্বাধীনতা ও মানবতার বিশ্বজনীন কণ্ঠস্বর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সংস্কৃতিমন্ত্রী বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবমর্যাদা ও বিশ্বমানবতার এক অনন্য কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সংগীত অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে অনুপ্রাণিত করে। বর্তমান বিশ্বে সংঘাত ও অসহিষ্ণুতার প্রেক্ষাপটে নজরুলের দর্শন আরও বেশি প্রাসঙ্গিক।
তিনি জানান, নজরুলের জীবন, সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সরকার ২০২৬ সালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালন করছে। এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তাঁরা নজরুলের মানবতাবাদী ও সাম্যভিত্তিক দর্শন চর্চার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
ফরেন সার্ভিস একাডেমির রেক্টর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মোশাররফ হোসেন। আলোচনায় অংশ নেন কবি আব্দুল হাই শিকদার। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, কূটনীতিক, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

Posted ১:২২ পিএম | রবিবার, ১১ অক্টোবর ২০২৬
9 News Bd | s s


