নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, অনুষ্ঠান আয়োজন এবং ছুটি সংক্রান্ত নতুন পরিপত্র জারি করেছে সরকার। এতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং এ উপলক্ষে ছুটি ঘোষণার কথা বলা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ পরিপত্র জারি করে। এর মাধ্যমে গত ১১ মার্চ জারি করা জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালনসংক্রান্ত আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে।
নতুন পরিপত্রে সরকারি ব্যয় সাশ্রয় এবং দাপ্তরিক কাজে বিঘ্ন এড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণভাবে দিবস পালনের ক্ষেত্রে সাজসজ্জা ও বড় ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে হবে। রেডিও ও টেলিভিশনে আলোচনা এবং সীমিত পরিসরে সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা এড়িয়ে চলতে হবে।
কোনো সপ্তাহ পালনের ক্ষেত্রে অনুষ্ঠানসূচি সাধারণত তিন দিনের মধ্যে সীমিত রাখতে হবে। সরকারি কর্মসূচির কারণে দাপ্তরিক কাজে যেন ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করতে হবে। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করতে হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, কোনো দিবস বা সপ্তাহ পালন উপলক্ষে রাজধানীর বাইরে কিংবা জেলা পর্যায় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করতে হবে। নগদ অর্থ বা উপকরণ ব্যয়ের প্রয়োজন নেই—এমন সাধারণ অনুষ্ঠান ছুটির দিন অথবা কর্মদিবসে আয়োজন করা যাবে।
সরকারি ব্যয় কমানোর ধারাবাহিকতা বজায় রাখতে একই ধরনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ক্ষেত্রেও সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবস উদযাপনকে অগ্রাধিকার দিয়ে একই তারিখে দিবসগুলো একত্রে পালন করতে হবে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এ বিষয়ে সারসংক্ষেপ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে।
নতুন পরিপত্রের নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Posted ১০:৫৫ এএম | রবিবার, ১১ অক্টোবর ২০২৬
9 News Bd | s s


