নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস। শনিবার দুপুরে তাঁকে আটক করে শাহবাগ থানা-পুলিশ।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াস নামের এক ব্যক্তিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন।
গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরে ফুটপাতের পাশের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
ফুটপাতটি পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পাশাপাশি সেখানে নতুন ডাস্টবিন স্থাপন, বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়।
নতুন করে সাজানো এই দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটকের খবর সামনে এল। তবে এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Posted ৯:০৪ এএম | শনিবার, ১০ অক্টোবর ২০২৬
9 News Bd | s s


