ফোকাসবাংলা২৪ ডেস্ক | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ভারতের গোয়া রাজ্যের ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর ৭৫ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়। পরে তাঁকে মণিপাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। তবে তাঁকে আর ফেরানো সম্ভব হয়নি।
মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার সংবাদ সংস্থা এএনআইকে জানান, নানা পাটেকরকে ভোরে হাসপাতালে নেওয়ার পর দীর্ঘ সময় ধরে সিপিআর দেওয়া হয়। কিন্তু এতে কোনো সাড়া পাওয়া যায়নি। ভোর ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর মৃত্যুর ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল মামলা নথিভুক্ত হয়েছে এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ডোনা পাওলায় নিজ বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর ছেলে মালহার পাটেকরও বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন নানা পাটেকর। তাঁর প্রকৃত নাম বিশ্বনাথ পাটেকর। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর কয়েক দশকের অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি সিনেমায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি। তীব্র অভিনয়, শক্তিশালী সংলাপ উপস্থাপন ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন নানা পাটেকর।
‘পরিন্দা’, ‘প্রহার’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘খামোশি’, ‘আব তক ছাপ্পান’, ‘নটসম্রাট’ ও ‘ওয়েলকাম’-এর মতো জনপ্রিয় ও প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা পেয়েছেন। ২০১৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে।
Posted ৬:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
9 News Bd | s s