নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ ও টেকসই বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের বিভিন্ন ইউনিটে পদায়িত সহকারী পুলিশ সুপারদের (এএসপি) যোগদানপূর্ব দিকনির্দেশনামূলক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেন, দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পর বর্তমান গণতান্ত্রিক সরকার জনআকাঙ্ক্ষাকে সামনে রেখে দায়িত্ব পালন করছে। এই বাস্তবতায় বাংলাদেশ পুলিশকেও নতুন পথরেখা তৈরি করতে হয়েছে। জনপ্রত্যাশা পূরণের পাশাপাশি মানবাধিকার এবং নারী, শিশু ও বয়স্ক নাগরিকদের প্রতি সংবেদনশীল থেকে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেককে পুলিশ বাহিনীর একজন প্রতিনিধি হিসেবে জনগণের পাশে দাঁড়াতে হবে। ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সমাজ ও রাষ্ট্রের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
নবীন কর্মকর্তাদের ভবিষ্যৎ পুলিশ নেতৃত্ব হিসেবে উল্লেখ করে আইজিপি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে। নিত্যনতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আইন ও বিধিবিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলেই কার্যকর পুলিশিং নিশ্চিত করা সম্ভব। তাই মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে তাদের সেবা দিতে হবে।
৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৭২ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ৬৬ জন পুরুষ ও ছয়জন নারী কর্মকর্তা রয়েছেন।

Posted ১:৪৯ পিএম | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
9 News Bd | s s


